যশোরের চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরাফাত হোসেন রাব্বি (২২) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরাফাত হোসেন রাব্বি চৌগাছা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কাজের সহযোগিতার জন্য ভুক্তভোগী শিক্ষার্থী প্রতিবেশী সম্পর্কের মামাতো ভাই রাব্বির সহায়তা চান। শনিবার উপজেলা নির্বাচন কার্যালয় বন্ধ থাকা সত্ত্বেও সকাল সাড়ে ৯টার দিকে রাব্বি তাকে চৌগাছা শহরে নিয়ে যান। পরে বিভিন্ন অজুহাতে পৌর এলাকার একটি পরিচিত ব্যক্তির বাসায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে শিক্ষার্থী বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে চৌগাছা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত এজাহারের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার যশোর আদালতে পাঠানো হবে। পাশাপাশি ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, অভিযোগটি বর্তমানে তদন্তাধীন। আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।
এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
প্রকাশ:

