ভারতীয় গরুর নিলাম ঘিরে রৌমারীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কাস্টমসের তত্ত্বাবধানে আয়োজিত ভারতীয় গরুর নিলামকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। পরে উভয় দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কাস্টমস কার্যালয়ের উদ্যোগে ১০টি ভারতীয় গরুর নিলামের আয়োজন করা হয়। এ সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা নিলামস্থলে উপস্থিত হন। একপর্যায়ে নিলাম প্রক্রিয়া ও সম্ভাব্য লভ্যাংশের ভাগবাটোয়ারা নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রের দাবি, লভ্যাংশ বণ্টন নিয়ে আলোচনা চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রশিবিরের সাবেক নেতা মাহাবুব আলম মোবাইল ফোনে ভিডিও ধারণের চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয়। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে।
পরে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। এরপর নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। নিলামে যুবদল কর্মী ও সাবেক ছাত্রনেতা ইসরাফিল সর্বোচ্চ ৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় ১০টি ভারতীয় গরু ক্রয় করেন।
উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন দাবি করেন, তারা স্বচ্ছ ও প্রকাশ্য নিলামের দাবি জানালে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, বিএনপি এ ধরনের ঘটনার সমর্থন করে না এবং বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকায় পরিস্থিতি বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়নি। বুধবার (২৯ জুলাই) দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
ভারতীয় গরুর নিলাম ঘিরে রৌমারীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ
প্রকাশ:

