রাজধানীর রামপুরায় ট্রাফিক পুলিশের বক্সে হেনস্তার শিকার হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ২৪.কমের সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ। ঘটনাস্থলে সহকারী পুলিশ কমিশনার (এসি) মেহেদী হাসান তাঁকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তোফায়েলের অভিযোগ অনুযায়ী, রোববার সন্ধ্যার পর রামপুরা ব্রিজের সামনে মোটরসাইকেলে যাওয়ার সময় তাঁকে থামিয়ে কাগজপত্র নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ট্রাফিক পুলিশ তাঁকে বক্সে নিয়ে যায়। সেখানে তিনি এসির সঙ্গে দেখা করলে ১০ মিনিট ধরে গালিগালাজ ও বাজে আচরণের শিকার হন বলে দাবি করেন।
তিনি জানান, গাড়ির কাগজপত্র অফিসে থাকার কারণে পুলিশ গাড়ির চাবি নিয়ে নেয়। এরপর এসি মেহেদী হাসান বলেন, “নেক্সট টাইম পেলে গাড়িসহ লটকাইয়া রাখবা।” এসময় তিনি মোবাইলে ভিডিও ধারণের চেষ্টা করলে আরেক কর্মকর্তা তাঁর ফোন ছিনিয়ে নেন।
ঘটনার খবর পেয়ে সহকর্মীরা সেখানে গেলে এসি মেহেদী হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, দায়িত্ব পালনের স্বার্থে সামান্য উচ্চবাচ্য হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের ট্রাফিক পুলিশের উপকমিশনার (ডিসি) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী দুঃখ প্রকাশ করেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

