সখীপুরে ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎ বিচ্ছিন্ন—এলাকাজুড়ে আতঙ্ক
বিশেষ প্রতিনিধি: গৌরাঙ্গ বিশ্বাস
টাঙ্গাইলের সখীপুরে দুর্ধর্ষ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার শোলাপ্রতিমা গ্রামের মধ্যপাড়া এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়ার ফলে পুরো এলাকা বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে চুরির ঘটনাটি সংঘটিত হয়। গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
ট্রান্সফরমার চুরির ফলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে করে ঘরোয়া কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনায় চরম ভোগান্তি নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দ্রুত ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে।
বর্তমানে এলাকাবাসী নিজেরাই নতুন ট্রান্সফরমার ক্রয়ের জন্য অর্থ সংগ্রহে নেমেছেন। আজ শুক্রবার হওয়ায় শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকছে। ফলে রবিবারের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম বলে জানান স্থানীয়রা। এতে করে অন্তত তিন দিন বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, ট্রান্সফরমার চুরির মতো ঘটনার পুনরাবৃত্তিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারসহ স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

