নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ পাইলট
যুক্তরাষ্ট্রের লাগার্ডিয়া বিমানবন্দর-এ একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে ফায়ার সার্ভিসের ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটে বিমানবন্দরের চার নম্বর রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুই দমকলকর্মী।
মার্কিন সংবাদমাধ্যম NBC News ও Sky News জানায়, মন্ট্রিয়ল থেকে আসা Air Canada Express-এর একটি বোম্বার্ডিয়ার সিআরজে-৯০০ জেট বিমান অবতরণের পর গেটের দিকে যাওয়ার সময় রানওয়েতে একটি ফায়ার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। বিমানটির গতি তখন ঘণ্টায় প্রায় ৩৯ কিলোমিটার ছিল বলে জানিয়েছে Flightradar24।
জানা গেছে, একই সময়ে United Airlines-এর একটি উড়োজাহাজ জরুরি অবস্থা ঘোষণা করায় সহায়তা দিতে ফায়ার ট্রাকটিকে রানওয়ে পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এ সময় এলাকায় প্রবল ঝড়ো আবহাওয়া বিরাজ করছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষে বিমানটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে একপাশে কাত হয়ে পড়ে। বিমানটিতে থাকা ৭২ জন যাত্রী ও চারজন ক্রুকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। New York Post জানিয়েছে, যাত্রীদের মধ্যে একদল অর্থোডক্স ইহুদি ছিলেন।
আহত দুই দমকলকর্মীর হাত-পা ভেঙে গেছে এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
ঘটনার পর Federal Aviation Administration ‘গ্রাউন্ড স্টপ’ জারি করেছে, ফলে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। আগত ফ্লাইটগুলোকে অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হচ্ছে।
আঞ্চলিক বিমান সংস্থা Jazz Aviation পরিচালিত এই ফ্লাইট দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যাত্রীবাহী উড়োজাহাজ ও ট্রাকের সংঘর্ষ, দুই পাইলট নিহত
প্রকাশ:

