কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী একটি বাসে মেইল ট্রেনের ধাক্কায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
রোববার (আজ) ভোররাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, “মামুন স্পেশাল” (মামুন পরিবহন) নামের একটি যাত্রীবাহী বাসকে ট্রেনটি ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার টেনে উত্তর দিকে জাঙ্গালিয়া-কচুয়া এলাকার দিকে নিয়ে যায়।
দুর্ঘটনার সময় লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান উপস্থিত ছিলেন না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ইপিজেড ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুই শিশু রয়েছে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে; পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে আহত ১৮ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে আটজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে দুর্ঘটনার কারণে চট্টগ্রাম ও কুমিল্লা রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত ট্রেনটি ঘটনাস্থলেই আটকে ছিল এবং ক্ষতিগ্রস্ত বাসটি ট্রেনের সামনে চাপা অবস্থায় ছিল। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়।
বাংলাদেশ রেলওয়ে এ ঘটনায় দুটি তদন্ত কমিটি (বিভাগীয় ও আঞ্চলিক) গঠন করেছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুর্ঘটনার পর পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের গেটম্যান মেহেদী হাসান ও হেলাল উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, দুর্ঘটনাকবলিত বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে লক্ষ্মীপুরগামী ছিল।
কুমিল্লায় ভয়াবহ ট্রেন–বাস দুর্ঘটনা: নিহত অন্তত ১২ জন
প্রকাশ:

