আইসিই অভিযানে কর্মকর্তার গুলিতে মার্কিন নাগরিক নারী নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬,
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের পাশের একটি আবাসিক এলাকায় অভিবাসনবিরোধী অভিযানের সময় ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই) বিভাগের এক কর্মকর্তার গুলিতে এক নারী নিহত হয়েছেন।
নিহত নারীর নাম রেনি নিকোল গুড (৩৭)। তিনি একজন মার্কিন নাগরিক। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বিবিসি।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন, রেনি নিকোল গুড একজন ‘হিংস্র দাঙ্গাকারী’ ছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, তিনি আইসিই এজেন্টদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে এক এজেন্ট তার গাড়িতে গুলি ছোড়েন।
তবে শহর ও অঙ্গরাজ্য প্রশাসনের পাশাপাশি জাতীয় পর্যায়ের ডেমোক্র্যাট নেতারা এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন। মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে একে একজন আইসিই এজেন্টের ‘বেপরোয়া ক্ষমতার ব্যবহার’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এই ঘটনায় একজন নিরপরাধ মানুষের প্রাণ গেছে। আইসিই এজেন্টদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের শহর ছেড়ে চলে যান।”
এই ঘটনার পর মিনিয়াপোলিসের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শহরের বাইরেও বিক্ষোভের পরিকল্পনার খবর পাওয়া গেছে। ক্ষুব্ধ বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শহর থেকে আইসিই এজেন্টদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

