কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মো: শরীফুল আলম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে কুলিয়ারচর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের কাছ থেকে মো: শরীফুল আলমের পক্ষে উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবী, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ আলম এবং ১নং সদস্য সাইয়ূম সিদ্দিকীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান বলেন, মো. শরীফুল আলম দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়েও তিনি দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির ও সাংগঠনিক দক্ষ নেতা হিসেবে সুপরিচিত।
তিনি আরও বলেন, দল ও সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে মো. শরীফুল আলম কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যাপকভাবে আলোচিত।

