মনোনয়ন এখনো চূড়ান্ত নয়, তবু বাউফলে বিএনপি নেতার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
আবির হোসেন. পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনয়ন এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবুও বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব জোমাদ্দারের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সূর্য্যমনি ইউনিয়নের নুরানপুর বাজারস্থ বিএনপি অফিস থেকে মাহবুব জোমাদ্দারের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। পরে মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় মাহবুব জোমাদ্দার দাবি করেন, “আজ ঢাকায় কেন্দ্রীয় বিএনপির সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাউফলের বেশ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে সব মনোনয়নপ্রত্যাশীকে একত্র করে আমাদের প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ মনির হোসেন ভাইয়ের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। তাই আমরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছি।”
তিনি আরও বলেন, “যারা আনন্দ মিছিলে অংশ নিয়েছেন, তাদের জন্য তাৎক্ষণিকভাবে মিষ্টির ব্যবস্থা করা হয়েছে। এখন সবাই বিভিন্ন ইউনিয়নে গিয়ে মনির ভাইয়ের পক্ষে প্রচারণা চালাবেন।”
তবে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মু, মনির হোসেন বিস্ময় প্রকাশ করে বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। কেউ আমার সঙ্গে কথা বলেনি। শুধু শুনেছি বাউফলে কেউ মিষ্টি বিতরণ করেছে ও মিছিল করেছে। এটি ঠিক হয়নি। দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। তারা দলের প্রচারের জন্য মিছিল করতে পারে, তবে মনোনয়ন নিয়ে এভাবে প্রচারণা ভুল হয়েছে। বিষয়টি সংগঠন খতিয়ে দেখবে।”
এ বিষয়ে সূর্য্যমনি ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হাওলাদার বলেন, “এখন পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দল মনোনয়ন নিশ্চিত করলে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর আগে এ ধরনের আয়োজন দলীয় নীতির পরিপন্থি।”
এদিকে ঘটনাটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেতাকর্মী ও নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। কেউ একে “অতি উৎসাহী আচরণ” বলে মন্তব্য করছেন, আবার কেউ এটিকে “দলের নেতৃত্বে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা” বলেও অভিহিত করেছেন।
ঘটনা নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সূর্য্যমনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব জোমাদ্দার পরবর্তীতে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
মনোনয়ন এখনো চূড়ান্ত নয়, তবু বাউফলে বিএনপি নেতার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
প্রকাশ:

