নোয়াখালীর হাতিয়ায় চুরির অভিযোগে সালিশি বৈঠকের জন্য আটক এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) সকালে প্রকল্প বাজার এলাকার প্রধান সড়কের পাশের একটি দোকানের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জাফর গত সপ্তাহে চানন্দি ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি সোহেল মাহমুদের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ শুরু করেছিলেন। দুই-তিন দিন পর তিনি কাউকে কিছু না জানিয়ে চলে যান। এ সময় বাড়ির আলমিরার চাবি, মোবাইল চার্জার ও কিছু আসবাবপত্র চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, শুক্রবার সন্ধ্যায় আলী বাজার এলাকা থেকে জাফরকে ধরে মোটরসাইকেলে করে প্রকল্প বাজারে নিয়ে যান সোহেল মাহমুদ। সেখানে সালিশি বৈঠকের আয়োজন করা হয় এবং জাফরের বাবাকেও ডাকা হয়। একপর্যায়ে বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়ে জাফরকে আটক রেখে হুমকি ও নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
শনিবার সকালে প্রকল্প বাজার এলাকার প্রধান সড়কের পাশের দোকানের বারান্দা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

