তরুণ নেতৃত্বের অঙ্গীকার—মানবতার রাষ্ট্র গড়তে মাঠে সর্বকনিষ্ঠ একই দলের দুই এমপি প্রার্থী

প্রকাশ:

‎একই দলের সর্বকনিষ্ঠ দুই এমপি প্রার্থী, গড়তে চান মানবতার রাষ্ট্র

‎বিশেষ প্রতিনিধি : জয়নাল ইসলাম

‎বয়সে তরুণী, অর্থনৈতিক অবস্থাও খুব শক্ত নয়,
‎পড়াশোনা এখনো শেষ হয়নি বলে নিজস্ব আয়ের পথও সেভাবে তৈরি হয়নি। তারপরও ভোটের মাঠে তাঁরা। পরিবারের সদস্য, স্বজন, সংগঠনের কর্মীদের কাছ থেকে অর্থসহায়তা নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁরা প্রার্থী হয়েছেন।

‎এই দুজন প্রার্থী হলেন— নরসিংদী-৫ আসনে তাহমিনা আক্তার এবং ঢাকা-১৩ আসনে ফাতেমা আক্তার মুনিয়া। দুজনেরই বয়স ২৫ বছর। নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ২৫ বছরই সর্বনিম্ন বয়স। সেই অর্থে তাঁরাই এবারের নির্বাচনে নারী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সী।

‎দুজনই প্রার্থী হয়েছেন রাজনৈতিক দল থেকে। তাহমিনা আক্তার এবং ফাতেমা আক্তার প্রার্থী হয়েছেন একই দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে, তাঁদের দলীয় প্রতীক আপেল।

‎১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ১৭ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮৫। এর মধ্যে  ইনসানিয়া বিপ্লব বাংলাদেশ, দলের নারী প্রার্থী ৬ জন। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামা পর্যবেক্ষণে দেখা যায়, নারী প্রার্থীদের ৬৪ জন স্নাতক ও স্নাতকোত্তর, অর্থাৎ ৭৫ শতাংশই উচ্চশিক্ষিত। প্রায় ৬৭ শতাংশ নারী প্রার্থী কর্মজীবী।

‎২৫ থেকে ৩৯ বছর বয়সী প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, ৩২ জন। ২৫ বছর বয়সী ৩ জন, ২৬ থেকে ৩৯ বছর বয়সী ২৯ জন, ৪০ থেকে ৫০ বছর বয়সী ৩১ জন, ৫১ থেকে ৬৯ বছর বয়সী ১৭ জন ও ৭০ বছরের বেশি বয়সী প্রার্থী রয়েছেন ৪ জন। একজন প্রার্থীর বয়সের তথ্য পাওয়া যায়নি।

‎ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়েছে: ফাতেমা আক্তার মুনিয়া

‎২৫ বছর বয়সী প্রার্থী ফাতেমা আক্তার মুনিয়া ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী হিসেবে আপেল প্রতীকে ঢাকা-১৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হলফনামা অনুসারে ফাতেমার জন্ম ২০০০ সালের ৯ অক্টোবর। হলফনামা জমা দেওয়ার সময় তাঁর বয়স ছিল ২৫ বছর ২ মাস ২০ দিন। হলফনামায় তিনি লিখেছেন, তিনি উচ্চমাধ্যমিক পাস। পেশা ছাত্রী। নগদ রয়েছে এক লাখ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে এক হাজার টাকা।

‎ফাতেমা আক্তার জানান, তিনি এখন রাজধানীর আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে ইংরেজি বিষয়ে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। গুলশানারা বেগম ও শাহজাহান আহম্মেদের পাঁচ মেয়ে ও এক ছেলের মধ্যে ফাতেমা দ্বিতীয়। তিনি অবিবাহিত।

‎এক প্রশ্নের জবাবে ফাতেমা বলেন, বয়স কম মূল বিষয় না, দায়িত্ববোধ কতটা সেটাই আসল ব্যাপার। জুলাই আন্দোলন সংগঠিত হয়েছিল তরুণদের কারণে। তরুণদের মধ্যে স্পৃহা থাকে নতুন কিছু করার। তরুণেরাই আগামী দিনের ভবিষ্যৎ। তরুণেরা যদি সঠিক পথে থাকে, তাহলে তরুণদের হাতেই দেশ নিরাপদ।

‎তিনি আরও বলেন, তাঁর দল ইনসানিয়াত বিপ্লব ধর্ম, বর্ণ, দলমত-নির্বিশেষে মানুষ হিসেবে মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে। ‘পরিবর্তন হোক নিজের কাছ থেকেই’—এই বার্তাটাই ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন তিনি। ভোটাররা পরিবর্তন চান। যেসব দল দুর্নীতি ও অন্যায়কে প্রশ্রয় দেয়, তাদের চান না ভোটাররা। যাঁরা নারী-পুরুষে বৈষম্য করেন না, মানবিক মানুষ পছন্দ করেন, তাঁরা তাঁকে স্বাগত জানাচ্ছেন। নির্বাচনে জয়ী হলে তাঁর প্রথম কাজ হবে প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

‎অসম বয়সী প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ে নেমে দুজনই জয়ের আশা করছেন। তাঁরা আশা করছেন, দল বা প্রতীক দেখে নয়, তাঁদের সততা ও প্রতিশ্রুতি পালনের অঙ্গীকার দেখে ভোটাররা ভোট দেবেন।


‎‘বেটি মানুষ’ বলে উপেক্ষার পাশাপাশি ‘সমর্থন’ও পাচ্ছেন তাহমিনা আক্তার

‎হলফনামা অনুসারে, তাহমিনা আক্তারের জন্ম ২০০০ সালের ৭ অক্টোবর। হলফনামা জমা দেওয়ার সময় তাঁর বয়স ছিল ২৫ বছর ২ মাস ২২ দিন। নরসিংদী-৫ আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হয়ে তিনি প্রার্থী হয়েছেন। দলীয় প্রতীক আপেল। হলফনামা অনুসারে, তাহমিনা স্নাতক পাস। তাঁর পেশা কৃষিকাজ। এ খাত থেকে তাঁর বছরে আয় ২ লাখ ২০ হাজার টাকা। তাঁর নগদ টাকা রয়েছে ২ লাখ ১০ হাজার টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ২ হাজার ৫০০ টাকা।

‎তাহমিনা আক্তার বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতক ডিগ্রি নেওয়ার পর এখন স্নাতকোত্তরে পড়ছেন। তবে তাঁর একটি গরুর খামার থাকায় হলফনামায় পেশা কৃষিকাজ লিখেছেন। তাঁর বাবা ইউনুছ আলী কৃষক। মায়ের নাম ফেরদৌছি বেগম। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। তিনি অবিবাহিত।

‎প্রার্থী হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, তিনি সৎ ও দায়িত্বশীল, প্রার্থী হতে সেটাই সাহস জুগিয়েছে। প্রচারে খরচ বিষয়ে তিনি বলেন, ‘আমরা টাকা দিয়ে লোক আনি না। নির্বাচন কমিশন কাপড়ের ব্যানার করার নির্দেশনা দেওয়ায় আমার খরচ কমে গেছে। নিজের আয় আর দলের ভাই-বোনদের সহায়তায় নির্বাচনী প্রচারের ব্যয় মেটাচ্ছি।’

‎আমরা টাকা দিয়ে লোক আনি না। নিজের আয় আর দলের ভাই-বোনদের সহায়তায় নির্বাচনী প্রচারের ব্যয় মেটাচ্ছি
‎তাহমিনা আক্তার, নরসিংদী-৫ আসনের প্রার্থী
‎প্রচারে নেমে তরুণ ভোটারদের সমর্থন বেশি পাচ্ছেন জানিয়ে তাহমিনা বলেন, বয়স্ক অনেক ভোটার পেছনে পেছনে তাঁকে ‘বেটি মানুষ’ মন্তব্য করে উপেক্ষা করেন, সেই খবর তিনি শুনেছেন। ওই ভোটাররা নির্দিষ্ট কোনো দলের এবং তাঁদের মনোভাব হচ্ছে—প্রার্থীর বয়স কম, আবার নারী, নারীদের তো ঘরেই থাকা উচিত।

‎ইনসানিয়াত বিপ্লব নতুন ধারার রাজনীতি দাবি করে তিনি বলেন, ‘ভোটারদের কাছে গেলে বুঝতে পারি, তাঁরা এমন দলের প্রার্থীদেরই খুঁজছেন ভোট দেওয়ার জন্য।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার...

গাজীপুর-২ আসনে ইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ

গাজীপুর-২ আসনে #আল্লামাইমামহায়াত, প্রবর্তিতইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ করেনইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থীএডভোকেট...